জাতীয়
স্বাস্থ্যসেবা অর্থলোভীদের হাতে ছেড়ে দেওয়া ঠিক নয় : প্রধান উপদেষ্টা
স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে থাকে সর্বাধিক মুনাফা অর্জনের প্রবণতা। ফলে এই দৃষ্টিভঙ্গির কারণে প্রকৃত স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।”
বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, “স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে। কিন্তু আমরা মৌলিক বিষয়টি স্পষ্ট করেছি—ওষুধ ও স্বাস্থ্যসেবা কেবল অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে তারা খারাপ মানুষ, তবে শুধু তাদের ওপর নির্ভর করলে চলবে না।”
কোভিড-১৯ মহামারির সময়ে টিকা বিতরণে বৈষম্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “বিশ্বের ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ নিজেদের দখলে নিয়েছিল। এভাবেই বৈশ্বিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের অবিচার ঘটেছে।”
প্রধান উপদেষ্টা স্বাস্থ্যসেবায় সামাজিক ব্যবসার মডেল প্রয়োগ করে বৈশ্বিক সমস্যার সমাধান করার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস