জাতীয়
জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামী বাংলাদেশের পিআর পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে উদ্ভূত পরিস্থিতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে আয়োজিত একটি দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’। আয়োজন করে জেলা নির্বাচন অফিস, সিবিটিইপি প্রকল্পের সহায়তায়।
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান ও বিদ্যমান আইনের আওতায় থেকেই কমিশন কাজ করছে এবং আগামীতেও করবে। কোনো বাহ্যিক চাপ কিংবা দাবির কারণে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে না।”
তিনি জানান, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনকালীন সময়ে প্রতিটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণে মোবাইল কোর্ট, ইলেকটোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক দল এবং একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা কার্যকর থাকবে। কোথাও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, “যেসব কর্মকর্তা অতীতের কোনো নির্বাচনে অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাদের এবার নির্বাচন সংক্রান্ত দায়িত্বে রাখা হবে না। আমরা চাই, নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য।”
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কারও কাছে নয়, শুধুমাত্র আইনের কাছে দায়বদ্ধ। একজন প্রিজাইডিং অফিসারকে টিম লিডারের মতো কাজ করতে হবে। কোনো সমস্যা থাকলে নির্ভয়ে আমাদের জানাবেন। আমরা পাশে থাকব।”
তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে যাদের রক্ত ঝরেছে, সেই আত্মত্যাগের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং সিবিটিইপি প্রকল্পের পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।
সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।