জাতীয়

নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

নিখোঁজের ৫ দিন পর বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
মাওলানা মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

পাঁচদিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে পূর্বাচল থেকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, “খবর পেয়ে আমরা পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদে গিয়ে তাকে পাই। তিনি শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। প্রাথমিক চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।”

এর আগে শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধানে মানববন্ধন করেন তার পরিবার ও সহকর্মীরা। মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

মামুনের স্ত্রী খাদিজা বেগম মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীর কোনো খোঁজ নেই। সন্তানদের কীভাবে বোঝাই তাদের বাবাকে কোথায় পাবো? সরকার কি পারে না আমার স্বামীকে ফিরিয়ে দিতে? মাদরাসার কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি খুব অসহায়।”

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সকাল বেলায় বাসা থেকে বের হন মাওলানা মামুন। সেদিন পাঞ্জাবি-পায়জামা পরা অবস্থায় তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছিলেন।