জাতীয়

গাজায় যাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

গাজায় যাচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম
আলোকচিত্রী শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গঠিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুমা আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহিদুল আলম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে রোববার (২৮ সেপ্টেম্বর) ইতালির উদ্দেশ্যে যাত্রা করবেন। ইতালিতে ফ্লোটিলা অভিযানে যোগ দিয়ে তিনি গাজার উদ্দেশ্যে রওনা হবেন।

এই অভিযানের বিস্তারিত তুলে ধরতে শনিবার বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শহিদুল আলম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘দৃক’। সংবাদ সম্মেলনে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্দেশ্য এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে শহিদুল আলমের অবস্থান তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনের আগে দৃকের আলোকচিত্রী ও নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি বলেন, “২০০৭ সাল থেকে গাজা এক ঘৃণ্য অবরোধের শিকার। সেখানে চলছে গণহত্যা, খাদ্য ও চিকিৎসার ঘাটতি স্পষ্টতই ইসরায়েল সৃষ্ট মানবিক দুর্যোগ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও তথাকথিত মিডিয়া ব্ল্যাকআউট ভাঙতেই এই মিডিয়া ফ্লোটিলার আয়োজন।”

তিনি জানান, গত ৩১ আগস্ট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৫০০ জন নাগরিক ত্রাণ ও সহায়তা নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেন। তবে ইতোমধ্যে ওই নৌবহর দুবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং বর্তমানে তা গ্রিসে অবস্থান করছে।

শহিদুল আলম দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গত বছর তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাখ্যান করেন। ওই ডিগ্রি তাকে ২০২২ সালে আলোকচিত্র ও মানবাধিকার অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছিল।

দৃকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের সংবাদ সম্মেলনে শহিদুল আলম ভিডিও বার্তায় তার অবস্থান, উদ্দেশ্য এবং গাজায় যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরবেন।