জাতীয়
দেশে আবারও ভূমিকম্প অনুভূত, এবার উৎপত্তিস্থল যশোরে
সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলা। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, এটি একটি নিম্নমাত্রার ভূমিকম্প, যা বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটানোর মতো নয়। তবে আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।
সেপ্টেম্বর মাসে এটি ছিল তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলেও প্রভাব ফেলেছিল। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।