জাতীয়
প্রধান উপদেষ্টার প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থনের অঙ্গীকার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রফেসর ইউনূসের হোটেল স্যুইটে তারা একত্রিত হয়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন।
সভায় লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, মরিশাসের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন এবং মানবাধিকার সংগঠন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট কেরি কেনেডি।
নেতৃবৃন্দ ইউনূসের আজীবন দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি। আমরা আপনার পাশে আছি।” তারা উল্লেখ করেন, ১৬ বছরের দুর্নীতি ও কু-শাসনের কারণে দেশটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, “মানবাধিকারের ক্ষেত্রে আপনাদের অর্জন অসাধারণ।” জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান, প্রতিষ্ঠানটি শিগগিরই জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে।
অপ্রত্যাশিত এই সমর্থন পেয়ে প্রফেসর ইউনূস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশটি গত ১৬ বছর ধরে যেন রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের মধ্যে ছিল। এখন সীমিত সম্পদ নিয়েই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। তরুণদের স্বপ্ন পূরণ করে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানান এবং বলেন, “আমাদের দিক-নির্দেশনা প্রয়োজন। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য।”
সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস