জাতীয়

দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন বিভাগ— ফরিদপুর ও কুমিল্লা। একইসঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমটি নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিকার বৈঠক হতে পারে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লার নামেই নতুন বিভাগ গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নতুন দুটি উপজেলা গঠনের বিষয়েও ঐক্যমত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী— ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে গঠিত হবে ফরিদপুর বিভাগ। আর কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়েছিল।

শুধু বিভাগ নয়, নতুন দুটি উপজেলা সৃষ্টিরও প্রস্তাব করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভেঙে বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠনের খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে।

নিকার বৈঠকে অনুমোদন পেলে বাংলাদেশে প্রশাসনিক বিভাজনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ বিভাগ এবং উপজেলার সংখ্যাও আরও বৃদ্ধি পাবে।