জাতীয়
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন
আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে ৭৩টি দেশি সংস্থা। নির্বাচন কমিশন (ইসি) এসব সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সংস্থাগুলোর বিরুদ্ধে কেউ কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠান নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে তা জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনতে হলে তা অবশ্যই প্রমাণসহ দাখিল করতে হবে। আপত্তিকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর উল্লেখ করে মোট ৬ কপি আবেদন জমা দিতে হবে। পরবর্তীতে শুনানি শেষে অভিযোগ গ্রহণ বা বাতিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে, আর সেটিই হবে চূড়ান্ত।
ইসি জানিয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য মোট ৩১৮টি প্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে মাত্র ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।