জাতীয়
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি নাসির উদ্দিন বলেন, 'আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তার মধ্যে বিশাল একটা ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তার অনেক কিছু এগিয়ে নিয়েছি।'
তিনি বলেন, 'সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে। আর যেটুকু গ্যাপ আছে তা আপনারা আজ পূরণ করে দেবেন। আইটি সাপোর্ট পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পরে আমরা তা হাতে নিয়েছি। ভোটে ১০ লাখ মানুষ কাজ করে। তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করব।'
সিইসি আরও বলেন, আমরা সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের পরামর্শ আমাদের পথ চলার সহায়ক হবে।
নির্বাচনী এই সংলাপে সভাপতিত্বে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।