জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতিবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দিয়েছে। এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) জাতিসংঘ সদর দপ্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

এ সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা, এবং মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নসহ নানামুখী বিষয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত ও সময়সীমা নির্ধারিত পরিকল্পনা প্রণয়ন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক সমর্থন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।

সম্মেলনের আগের দিন সোমবার ড. ইউনূস জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় যেভাবে বাজেট ঘাটতির প্রভাব পড়ছে, তা নিয়ে আলোকপাত করেন ড. ইউনূস।

বৈঠকে শিশুদের শিক্ষাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি রাখাইনে চলমান পরিস্থিতি, মিয়ানমার সরকারের আচরণ এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ও করণীয় নিয়েও আলোচনা হয়।