জাতীয়
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, নিহত অন্তত ২৬
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে জনজীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত উদ্ধারকাজে অন্তত ২৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেবুসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পালোমপন শহরের পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় এর কম্পন আশপাশের বৃহৎ এলাকায় তীব্রভাবে অনুভূত হয়। মার্কিন জরিপ সংস্থা অনুমান করছে, ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা না গেলেও বেশ কিছু ভবন ও অবকাঠামোতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ শুরু করেছে। তবে দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত জনবল সংকটে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।