জাতীয়
আজ থেকে শুরু টানা ৪ দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। এই সময়ে ব্যাংকসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কর্মকর্তা-কর্মচারীরা আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ছুটিতে থাকবেন এবং রোববার (৫ অক্টোবর) থেকে কর্মস্থলে যোগ দেবেন।
সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি। এভাবে চার দিনের টানা ছুটি পাচ্ছেন কর্মীরা। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখবে, ফলে সেসব প্রতিষ্ঠানের কর্মীরা একদিন কম ছুটির সুবিধা পাবেন।
এ সময়ে জরুরি পরিষেবা চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবার মতো অপরিহার্য কাজে নিয়োজিত কর্মীরা ছুটির বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটি ভোগ করবেন না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত গাড়ি ও কর্মীদেরও কাজে থাকতে হবে।
এই ছুটির সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে আগামী রোববার সকাল ১০টা থেকে আবারও স্বাভাবিক লেনদেন শুরু হবে। একই দিনে ব্যাংকের কার্যক্রমও চালু হবে।
দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে। ফলে শিক্ষার্থীরা দীর্ঘ সময় বাড়তি ছুটি কাটানোর সুযোগ পাচ্ছে।