জাতীয়

এবারের ভোট হবে দিনের বেলা, রাতের নয়: ধর্ম উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

এবারের ভোট হবে দিনের বেলা, রাতের নয়: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে উপযুক্ত ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, “এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, সেটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও এর অবদান স্মরণীয় হয়ে আছে।”

মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসা শিক্ষা আজ পবিত্র কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে। অথচ মাদরাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই মাদরাসা শিক্ষার মূল ভিত্তি হতে হবে কোরআন, হাদিস এবং ফিকাহ। এগুলো উপেক্ষা করলে প্রকৃত মাদরাসা শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না।”

তিনি দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে মাদরাসাকে মূলধারায় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।