জাতীয়

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
প্রতিমা বিসর্জন। ছবি: সংগৃহীত

সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার বিদায় পর্ব। এরপর দুপুর গড়াতেই শুরু হয় প্রতিমা বিসর্জন।

ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ট্রাকযোগে রাজধানীর পলাশী মোড়ে জড়ো হন ভক্তরা। সেখান থেকে শুরু হয় বিজয়ার বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটি শহীদ মিনার, হাইকোর্ট, পুলিশ হেডকোয়ার্টার, গোলাপ শাহ মাজার হয়ে সদরঘাটে গিয়ে শেষ হয়।

বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে চলে প্রতিমা বিসর্জনের মূল আয়োজন। ঢাকের বাদ্য, গান ও শঙ্খধ্বনির মাঝে বিদায়ের আবহে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো। অন্যদিকে, রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা আরতির পর মিশনের পুকুরে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জন।

বিজয়া দশমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর রয়েছে এক গভীর মানবিক তাৎপর্য। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে কাম, ক্রোধ, লোভ, হিংসা ও লালসার মতো মনুষ্যসুলভ ‘আসুরিক’ প্রবৃত্তিগুলোকে বিসর্জনের মাধ্যমে দূর করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

শাস্ত্র মতে, দশমী তিথিতে দেবী দুর্গা ফিরে যান কৈলাসে, তার স্বামীর গৃহে। তবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হলেও, প্রতিমায় ব্যবহৃত ফুল, বেলপাতা ও ঘট বিসর্জন দিয়েই পর্ব শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে। প্রথা অনুযায়ী, বিসর্জনের পর শান্তিজল সংগ্রহ করে তা ভক্তরা মঙ্গল ঘটের মাধ্যমে গ্রহণ করেন এবং প্রতিমায় পূজার মাধ্যমে পরের বছর আবার দেবীকে আহ্বান জানানোর প্রতীক হিসেবে রাখেন।

এ বছর দেশজুড়ে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই পূজার সংখ্যা ছিল ২৫৮টি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিগুলোও নিয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। অধিকাংশ মণ্ডপে ছিল সিসিটিভি, ভলান্টিয়ার টিম এবং ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পূজা আয়োজক ও ভক্তরা। দেবীর আগমনের মতোই, বিদায়ও ছিল স্মৃতিময়- একটি বছরের অপেক্ষা রেখে গেল আরও একবার।