জাতীয়

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন
আহমদ রফিক। ছবি: সংগৃহীত

বাংলা ভাষার জন্য আজ এক শোকাবহ দিন। ভাষাসৈনিক, সাহিত্যিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ রফিক মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, আলঝেইমার, পার্কিনসন, ফুসফুসের সংক্রমণসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার জীবনের অবসান ঘটে।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করা আহমদ রফিক ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের একজন সক্রিয় সংগঠক ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকাকালে আন্দোলনে নেতৃত্ব দেন এবং ১৯৫৪ সালে তার বিরুদ্ধেই ছিল ঐ কলেজের একমাত্র গ্রেপ্তারি পরোয়ানা।

লেখালেখির জগতে আহমদ রফিকের যাত্রা শুরু ১৯৫৮ সালে, তার প্রথম বই প্রকাশের মধ্য দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাজনীতি বহুমাত্রিক বিষয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি ছিলেন নিঃসঙ্গ এক জ্ঞানতাপস, যিনি জীবনের শেষ অধ্যায়েও কলম চালিয়ে গেছেন।

ব্যক্তিজীবনে ২০০৬ সালে স্ত্রীর মৃত্যু তাকে নিঃসঙ্গ করে তোলে। নিউ ইস্কাটনের একটি ছোট্ট ভাড়া বাসায় একাই কাটিয়ে দেন জীবনের শেষ দিনগুলো। ২০১৯ সাল থেকে তার দৃষ্টিশক্তি কমে আসতে থাকে এবং ২০২৩ সালের মধ্যে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন। ২০২১ সালে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়, যার পরিণতিতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।