জাতীয়

গাজাগামী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের নিন্দা জানাল বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম

গাজাগামী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের নিন্দা জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দখলদার বাহিনীর কারণে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে।