জাতীয়
জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা বাংলাদেশকে
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করায় বাংলাদেশকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।
শুক্রবার (৩ অক্টোবর) পাঠানো এক বার্তায় দূতাবাস জানায়, এ সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ফিলিস্তিন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই মহৎ পদক্ষেপ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটিয়েছে। একইসঙ্গে দুই জাতির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করেছে।
প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রার্থী হওয়ার ঘোষণা দিলে বাংলাদেশ নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ বাংলাদেশের থাকলেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবার তারা সরে দাঁড়িয়েছে।
এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তার কাছে কাম্য নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, মূলত সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও পরে ফিলিস্তিন প্রার্থী হয়। তবে এ বিষয়ে বাংলাদেশকে আগে অবহিত করা হয়নি।
তবুও শেষ পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে আবারও প্রমাণ করল— আন্তর্জাতিক অঙ্গনে সব সময়ই ফিলিস্তিনের পাশে থাকবে ঢাকা।