জাতীয়
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি, থানায় জিডি
বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি মাইনুল ইসলাম।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন ঢালী স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যান।
পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে কল দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ওসি মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। বিদেশি নম্বর থেকে তিনি হত্যার হুমকিও দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।