জাতীয়

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন
রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঐকমত্য কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

রবিবার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।

কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অধ্যাপক ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, “জাতীয় ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমের অকল্পনীয় সমর্থন কমিশনের কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ দ্রুত শেষ করে তা সরকারের কাছে জমা দিতে হবে। তিনি কমিশনের সদস্যদের উদ্দেশে দ্রুততম সময়ের মধ্যে কাজের অগ্রগতি জানাতে নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে যোগ দেন।

সূত্র: বাসস