জাতীয়

নাহিদকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম

নাহিদকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কখনও দায়িত্ব থেকে পালিয়ে যাননি এবং ভবিষ্যতেও দেশের মাটিতেই থাকবেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি কোথাও পালিয়ে যাইনি, যাবও না। কিন্তু নাহিদ ইসলামকেই পরিষ্কার করে বলতে হবে, কারা সেফ এক্সিট চায়।”

রিজওয়ানা হাসান বলেন, “আমরা এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহযোগিতা দেবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।” 

তিনি আরও জানান, কোনো দল নির্বাচনে অংশ নেবে কি না, তা পুরোপুরি আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ (যোগাযোগ) তৈরি করেছেন এবং কেউ কেউ নাকি নিজেদের ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন। তার সেই মন্তব্যের জবাবেই আজ রিজওয়ানা হাসান বলেন, “এমন মন্তব্য করা সহজ, কিন্তু দায়িত্বশীল হতে হলে প্রমাণসহ বলতে হয়—কারা সেফ এক্সিট চায়? এ বিষয়ে এখন নাহিদকেই পরিষ্কার করতে হবে।”

পরিবেশবাদী হিসেবে পরিচিত রিজওয়ানা হাসান আরও বলেন, “এই সরকার গণমানুষের স্বার্থেই কাজ করছে। কেউ যদি ব্যক্তিগত উদ্দেশ্যে বা রাজনৈতিক লবিং করে থাকে, সেটা তার নিজস্ব দায়। আমি আমার অবস্থানে স্বচ্ছ ও দায়িত্বশীল আছি, থাকবও।”