জাতীয়
আজ বিশ্ব ডাক দিবস
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হচ্ছে। প্রতিটি দেশে ডাক বিভাগের ইতিহাস, ভূমিকা এবং ভবিষ্যৎ উদ্ভাবনের গুরুত্ব স্মরণে প্রতিবছর এই দিন উদযাপিত হয়।
১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU), যা বিশ্বের ডাক ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে সংযুক্ত করেছে। ১৯৬৯ সাল থেকে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থার উদ্যোগে বিশ্ব ডাক দিবস উদযাপিত হচ্ছে।
চলমান ডিজিটাল যুগে ডাক বিভাগের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এখন সময়ের দাবি। একসময় কেবল চিঠি ও পার্সেল আদান-প্রদানের মাধ্যমে মানুষের সংযোগের মাধ্যম ছিল ডাক বিভাগ, এখন এটি দেশের ই-কমার্স ও ডিজিটাল সেবার গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে গুরুত্ব অর্জন করেছে। আধুনিক প্রযুক্তি, অনলাইন ট্র্যাকিং, মোবাইল পেমেন্ট সুবিধা এবং দ্রুত ডেলিভারির মাধ্যমে ডাক সেবাকে আরও কার্যকর এবং জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ডাক বিভাগকে স্মার্ট ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হলে এটি আবারও মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠবে। একসময় যেমন এটি মানুষের যোগাযোগের প্রাণসেতু হিসেবে গুরুত্বপূর্ণ ছিল, ডিজিটাল যুগেও সেই ভুমিকাকে নতুন মাত্রা দেওয়া সম্ভব।
এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য হলো: ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডাক ভবনে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে সরকারের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাক সেবার গুরুত্ব তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার সচেতনতা বৃদ্ধি করা হবে।
বিশ্ব ডাক দিবস শুধুমাত্র ডাক বিভাগের উদযাপন নয়, এটি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে মানুষের জীবনকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার একটি প্রতীক হিসেবেও গুরুত্ব বহন করছে।