জাতীয়
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই ও সেফ এক্সিট’ শিরোনামে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, “৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়। নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি।”
পোস্টে তিনি জানান, বুধবার সকালে ভৈরব ও আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শনের সময় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেলের মহাপরিচালককে স্টেশনের অবকাঠামোগত ত্রুটি নিরসনের নির্দেশ দেন।
মোটরসাইকেল চালকদের হেলমেটবিহীন চলাচল প্রসঙ্গে উপদেষ্টা জানান, “আশুগঞ্জ থেকে সরাইল যাওয়ার পথে কোনো মোটরসাইকেল চালকের হেলমেট পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ, বিআরটিএ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
সরাইল বিশ্বরোডে যানজট প্রসঙ্গে তিনি বলেন, “মূলত চালকদের শৃঙ্খলাহীনতা ও হাইওয়ে পুলিশের দুর্বল ব্যবস্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে আমি অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব কাউকে চাকরি বা ব্যবসায় সহায়তা করিনি।”
শেষে তিনি বলেন, “তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।”