জাতীয়
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি
লিবিয়ার রাজধানী ত্রিপলি ও আশপাশের অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বাংলাদেশিরা অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ, নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন।
দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের বিমানবন্দরে স্বাগত জানান।
মন্ত্রণালয় জানিয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের বাস্তব অভিজ্ঞতা যেন জনসচেতনতা বৃদ্ধির কাজে আসে, সে জন্য তাদেরকে অভিবাসনপূর্ব পর্যায়ে নিজেদের গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি লিবিয়ায় অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ায় এবং সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ধাপে ধাপে অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে।