জাতীয়
উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক, তারা সবাই দেশেই থাকবেন: সেফ এক্সিট প্রসঙ্গে প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা সবাই দেশেই থাকবেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গেল ১৪ মাসে উপদেষ্টারা চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের কেউ কেউ ভালো পারফর্ম করেছেন, কেউ কেউ হয়তো কম, কিন্তু সবাই এই দেশেরই সন্তান। তাই ‘সেফ এক্সিট’ খোঁজার কোনো প্রশ্নই ওঠে না।”
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে দেশে নির্বাচনী আমেজ জমে উঠবে। ইতোমধ্যে কিছু এলাকায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হালুয়াঘাটে বিভিন্ন দলের নেতাদের পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো খুব শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। সব সংশয় দূর হয়ে গেছে। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যেমন ‘ফেক ইলেকশন’ দেখে এসেছি, এবার তা হবে না। সামনে ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন হতে যাচ্ছে।”
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে প্রেস সচিব বলেন, “তারা দেশের প্রতিটি স্তরে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল। এমনকি মডেল মসজিদ নির্মাণের নামেও কোটি কোটি টাকা লুটপাট হয়েছে।”
এ সময় তিনি জানান, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর বড় কোনো সমস্যা নেই।
মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।