জাতীয়

শনিবার ভোরে দেশে ফিরছেন আলোকচিত্রী শহিদুল আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম

শনিবার ভোরে দেশে ফিরছেন আলোকচিত্রী শহিদুল আলম
ছবি: সংগৃহীত

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাবন্দিত্বের পর অবশেষে দেশে ফিরছেন। শনিবার (১২ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, শুক্রবার তুরস্কের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলম শুক্রবার তুর্কি সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করেন।

শহিদুল আলমের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মুক্তি নিশ্চিত করতে কাজ করে।