জাতীয়

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং তা আরও উন্নতির পথে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দান’ উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে এনসিপি নেতা নাহিদের পক্ষ থেকে উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর চৌধুরী বলেন, “আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।” তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

দূর্গাপূজা চলাকালে অসুরের মুখে দাড়ি লাগানো নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৭০০-এরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনবো। যারা এই অপকর্ম করেছে, তারা রেহাই পাবে না।”

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের মূল দর্শন তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বৌদ্ধ ধর্ম অহিংসা, সাম্য, মৈত্রী এবং প্রীতির বার্তা দেয়। এই শিক্ষাই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। বুদ্ধের নির্দেশিত পঞ্চশীল এই পাঁচটি নৈতিক নীতিমালা মানবজীবনের জন্য সর্বোত্তম শিক্ষা। এই গুণাবলি অর্জন ও চর্চার মাধ্যমে সমাজে অন্যায়, দুর্নীতি ও অপরাধ কমে আসবে।”

কঠিন চীবর দান উপলক্ষে সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দেশের সব বৌদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর।”