জাতীয়

দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম

দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি অবরোধ ভাঙার প্রয়াসে অংশ নেওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম দেশে ফিরে এসেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেটিতে করে দেশে ফেরেন তিনি।

এর আগে, ৮ অক্টোবর ‘ফ্রিডম ফ্লোটিলা’র অংশ ‘কনশানস’ নামের জাহাজে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী তাকে জবরদস্তিমূলকভাবে তুলে নিয়ে যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে, যেখানে তাকে কয়েকদিন আটক রাখা হয়।

পরবর্তীতে মুক্তি পেয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। একইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

শহিদুল আলম ছিলেন সেই নৌবহরের অন্যতম সদস্য, যারা গাজার অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলি দমন-পীড়নের প্রতিবাদ জানাতে এই যাত্রায় অংশ নেন। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ শীর্ষক উদ্যোগের আওতায় ৯টি নৌযান নিয়ে গঠিত ওই বহরে ৩০টিরও বেশি দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক এবং রাজনীতিকরা ছিলেন।

গত বুধবার ইসরায়েলি বাহিনী নৌবহরটিতে হামলা চালিয়ে অংশগ্রহণকারী সকলকে আটক করে এবং সামরিক কারাগারে নিয়ে যায়।