জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে হলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত “নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালা” বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই মত প্রকাশ করেন।

সাখাওয়াত হোসেন বলেন, “এটি সরকারের বক্তব্য নয়, আমার ব্যক্তিগত মতামত—সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও চায় যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”

২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, “অনেক তরুণ এখনো জানেন না ভোট কীভাবে দিতে হয়। এতদিন এক ব্যক্তি ও এক দলই দেশের ক্ষমতা পরিচালনা করেছে—এর দায় শুধু আওয়ামী লীগের নয়, আমাদের সবার।”

তিনি জোর দিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচন চাইলে ইসিকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। কারণ, সাংবাদিকরাই মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য স্পষ্টভাবে বুঝতে হবে উল্লেখ করে সাখাওয়াত বলেন, “আগামী নির্বাচন সরকার যেমন চায়, তেমনি নির্বাচন কমিশনও চায়। তাই সাংবাদিকদের সঙ্গে ইসির নিয়মিত বৈঠক ও পরামর্শ অত্যন্ত প্রয়োজন।”