জাতীয়
জনসম্পৃক্ততার সুবিধার্থে পেছালো ‘জুলাই সনদ’ স্বাক্ষরের তারিখ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে। সাধারণ জনগণের উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনুষ্ঠানটি ১৫ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠিত হবে। তবে সময় পরিবর্তনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও উন্মুক্তভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কমিশন সদস্যরা।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, জোট, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।