জাতীয়
দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি, শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় তিন ঘণ্টা অবরোধের পর শাহবাগ থেকে সরে গেছেন। বুধবার বিকেল ৫টার কিছু আগে তারা শাহবাগ মোড় থেকে সরে গেলেও, দাবি পূরণ না হলে যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
বুধবার দুপুর ২টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন। তাদের এই আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।
এর আগে আন্দোলনের ঘোষণা দিতে গিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “শিক্ষকদের আন্দোলন এখন সফলতার দ্বারপ্রান্তে। আমরা আমাদের ন্যায্য দাবি থেকে একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না—আমরা ১ হাজার ৫০০ টাকাই চাই। কর্মচারীদের উৎসব ভাতাও অবশ্যই ৭৫ শতাংশ দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বহুদিন ধরে সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের অবহেলার কারণে শিক্ষকরা আজ রাজপথে নেমেছেন। দাবি আদায় না হলে এবার আমরা যমুনা ঘেরাও করব।”
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এই সংগঠনের নেতারা। তাদের দাবি, সরকারের অব্যাহত উদাসীনতার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান ক্রমেই সংকটের মুখে পড়ছে, তাই এবার তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।
তিন ঘণ্টা অবরোধ শেষে শিক্ষকরা শাহবাগ ছাড়লেও রাজধানীর বিভিন্ন স্থানে এখনো যানজটের প্রভাব রয়ে গেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।