জাতীয়

দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম

দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে প্রেষণে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ (সুপারনিউমারি পুলিশ সুপার) এবং একই পদের মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে দুদকের পরিচালক পদে প্রেষণে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত উল্লিখিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা সেই আদেশও অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছিল।

তবে সর্বশেষ নির্দেশনায় পরিবর্তন এনে ওই বদলির আদেশ বাতিল করে তাদের আগের পদে বহাল রাখা হয়েছে।