জাতীয়

চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার মধ্যে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

নতুন নিয়োগে চার জেলার মধ্যে দুজন কর্মকর্তার বদলি ও দুজনের নতুন পদায়ন করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম জেলার ডিসি পদে পূর্বের বদলির আদেশ পরিবর্তন করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলি করা হয়েছিল। তবে বিভিন্ন বিতর্ক ও প্রশাসনিক কারণ দেখিয়ে সেই আদেশ পরে বাতিল করা হয়। ফলে মোহাম্মদ আব্দুল আউয়ালকে তার বর্তমান জেলা নওগাঁতেই বহাল রাখা হয়েছে।

এদিকে, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিস আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ফেনীর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিস মনিরা হক। তিনি এর আগে নওগাঁর ডিসি হিসেবে বদলির আদেশে ছিলেন, যা এখন পরিবর্তন করে তাকে ফেনীতে পাঠানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যারা পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন, অথচ এখনো ডিসি পদে কর্মরত আছেন, তাদের অনেককেই শিগগিরই প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে। একইসঙ্গে সেসব জেলায় নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে।

প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্তকে সরকার “নিয়মিত কর্মপ্রবাহের অংশ” হিসেবে উল্লেখ করেছে।