জাতীয়

উৎসবমুখর পরিবেশে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম

উৎসবমুখর পরিবেশে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক পরিবেশে।

বুধবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করবো। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।”

তিনি আরও বলেন, “আপনারা সবাই মিলে যে জাতীয় সনদ তৈরি করেছেন, সেটিই আমাদের সামনে পথ দেখাবে। সরকারের দায়িত্ব হলো সেই সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা। তাহলে এই সরকারের কাজ একটা অর্থপূর্ণ পরিণতি পাবে।”

অধ্যাপক ইউনূস বলেন, “জুলাই সনদের উদ্দেশ্যই ছিল রাষ্ট্রকে নতুন পথে এগিয়ে নেওয়া। এখন যদি আমরা সেই সনদের আলোকে নির্বাচন না করি, তাহলে তা হবে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা। সেক্ষেত্রে একটা ‘ভণ্ডুল মার্কা’ নির্বাচন করে কোনো লাভ হবে না।”

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। এতে রাষ্ট্রীয়, প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের ৮৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের লক্ষ্য, এই সনদের আলোকে দেশের রাজনৈতিক সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়াকে একটি নতুন দিকনির্দেশনা দেওয়া।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে প্রায় তিন হাজার অতিথি এবং ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূসের ভাষায়, “এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও সুশাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। সেটাই হবে জনগণের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”