জাতীয়

আলোচনার নামে ‘আই-ওয়াশ’ করা হয়েছে: শিক্ষক নেতা আজীজি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম

আলোচনার নামে ‘আই-ওয়াশ’ করা হয়েছে: শিক্ষক নেতা আজীজি
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেছেন, সরকারের পক্ষ থেকে আলোচনার নামে ‘আই-ওয়াশ’ করা হয়েছে। শিক্ষকরা আবেগ নিয়ে কথা বললেও কোনো ফল আসেনি বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে সম্বোধন করেছি। চোখের জল ফেলে বলেছি, আমাদের ডাল-ভাতের ব্যবস্থাটা অন্তত করে দিন। কিন্তু উনি অনড় অবস্থানে ছিলেন। বলেছেন, এর বাইরে কিছুই করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে বলেছি, এই মুহূর্তে অন্তত ১০ শতাংশ বাড়িভাড়া দিন, পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ যোগ করুন। কিন্তু বিষয়টি কোনোভাবেই প্রজ্ঞাপন আকারে আসছে না। আমরা লিখিত ও স্পষ্ট প্রতিশ্রুতি চাই।’

আলোচনার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, বাজেট ঘোষণার আগেই শিক্ষকরা বাড়িভাড়া, টিফিন ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে একাধিকবার আবেদন করেছেন। আগস্টের শুরুতেই জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয়, বাড়িভাড়া দুই হাজার টাকা করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে।

‘আমরা তখনই স্পষ্ট করে বলেছি, আমরা টাকার অঙ্কে নয়, শতাংশ হারে বাড়িভাড়া চাই। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কেও জানিয়েছি। তখন তারা সম্মত হলেও এখন উপদেষ্টা বলছেন, সেটা আর সম্ভব নয়,’— বলেন আজীজি।

তবে আলোচনায় কিছুটা আশাবাদের কথাও এসেছে বলে জানান তিনি। দেলাওয়ার বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন। ২০ শতাংশ বাড়িভাড়া বাস্তবায়নের প্রস্তাব দিতে বলেছেন। আমরা প্রস্তাব জমা দেব, এখন দেখার বিষয়— সরকার আদৌ বাস্তবায়নের পথে এগোয় কি না।’