জাতীয়
ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজ্যের খোয়াই বিভাগের বিদায়বিল এলাকার একটি সীমান্তবর্তী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
ভারতের সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিদায়বিল এলাকার দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করার সময় তিনজন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখেন বলে দাবি করেন। তারা সেখানে থাকার কারণ জানতে চাইলে ওই তিন বাংলাদেশি নাকি উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই ভারতীয় আহত হন।
পরে আহতরা গ্রামে ফিরে ঘটনাটি জানালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিন বাংলাদেশির ওপর হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেহলাবাড়ী সরকারি হাসপাতালে পাঠায়। একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত দুই ভারতীয় নাগরিককেও।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তাদের বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৮৫৬ কিলোমিটার। সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু এলাকায় অনুপ্রবেশের ঝুঁকি রয়ে গেছে। প্রায়ই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা ঘটে—বেশিরভাগ ক্ষেত্রেই তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ঘটে থাকে।
সূত্র: ইকোনোমিক টাইমস