জাতীয়
খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিল জাতীয় ঐকমত্য কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসন্ন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের একটি প্রতিনিধি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেয়।
আমন্ত্রণপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার এবং কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে কমিশন প্রতিনিধিদের সংক্ষিপ্ত সময়ের এক সৌজন্য সাক্ষাৎও হয়। এ সময় তারা জুলাই সনদের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এর আগে, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।