জাতীয়

সংসদ ভবন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষেধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

সংসদ ভবন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষেধ
ছবি: সংগৃহীত

আজ (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। দেশের ইতিহাসে বিশেষ এই মুহূর্তকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে।

অনুষ্ঠানের চলাকালীন সময়ে সংসদ ভবন এবং এর পারিপার্শ্বিক এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পাঠানো বার্তায় এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, অনুষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলকে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। তিনি দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানান। ড. ইউনূস বলেন, “দেশের প্রতিটি মানুষ, যেখানেই থাকুন—ঘরে, পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা থাকলেও আমরা সবাই এক অভিন্ন জাতি।”

তিনি আরও যোগ করেন, “এটাই আমাদের একসঙ্গে উদযাপনের সময়। ঐক্যের শক্তি অনুভব করার, গর্ব এবং আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা নেওয়ার সময়। আসুন সবাই মিলিত হয়ে এই গুরুত্বপূর্ণ দিনে অংশগ্রহণ করি।”