জাতীয়
জুলাই যোদ্ধাদের দাবি মেনে অঙ্গীকারনামায় সংশোধন: আলী রীয়াজ
জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে জুলাই জাতীয় সনদে অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে এই গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
ড. আলী রীয়াজ অনুষ্ঠানে অঙ্গীকারনামার সংশোধিত ৫নং দফা পড়ে শোনান। এতে বলা হয়— “গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর ঘোষণা করা হবে। আহত যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একইসঙ্গে শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা হবে।”
ড. আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের প্রস্তাবটি সরকারকে সুস্পষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।