জাতীয়

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, “এই জঘন্য কাজটি মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার ঘটনাটির প্রতি তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের কাছে অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, “জাতীয়তা নির্বিশেষে, সীমান্তের যেই প্রান্তেই থাকুক না কেন-প্রত্যেক ব্যক্তির মানবাধিকারের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব।”

এর আগে, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাছাকাছি এলাকায় সন্দেহভাজন গরুচোর হিসেবে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তিন বাংলাদেশিকে। পরবর্তীতে তাঁদের মরদেহ উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ।