জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল আজ
ছবি: সংগৃহীত

তিন দফা দাবি আদায়ে দিনব্যাপী বিক্ষোভ মিছিল এবং অনশনের পর আজ কালো পতাকা মিছিলের ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন শিক্ষকদের ছয়টি সংগঠনের মহাসচিব দেলোয়ার হোসেন আজিজী।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘সারাদিন শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেছেন। দুপুরের পর বিকেল পর্যন্ত অনশন করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি। আমাদের আন্দোলন চলাকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে; কিন্তু আমরা পিছপা হইনি। শিক্ষকদের ন্যায্য দাবিকে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। আমাদের এ আন্দোলন ন্যায্য, এখন এটা সবাই বলতে শুরু করেছে।’

শিক্ষকদের আন্দোলন চলমান আছে জানিয়ে তিনি বলেন, সরকার সাড়া না দিলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করা হবে। আগামী রোববার থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ ঘোষণার পর দুপুর থেকে চলা অনশন কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনকারীদের মধ্য থেকে শিক্ষকরা বক্তব্য দেন। পরে শিক্ষকদের অনেকে নিজ নিজ গন্তব্যে চলে যেতে শুরু করেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। মিছিলটির সামনে এবং পেছনে পুলিশ ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুরের পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন।

আন্দোলনে আসা শিক্ষকরা জানিয়েছেন, তারা ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবেন না।

এদিকে গতকাল এক বিবৃতিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবির পর গত ৫

অক্টোবর অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা আন্দোলন শুরু করেন। ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে পুলিশ লাঠিচার্জের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। ১৫ অক্টোবর তারা শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন।