জাতীয়

আগুন নিয়ন্ত্রণে, রাতের মধ্যেই ফ্লাইট পরিচালনা শুরু হবে: উপদেষ্টা বশির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম

আগুন নিয়ন্ত্রণে, রাতের মধ্যেই ফ্লাইট পরিচালনা শুরু হবে: উপদেষ্টা বশির
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ থাকলেও, রাতের মধ্যেই ফ্লাইট চলাচল স্বাভাবিক করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বিমানবন্দরের আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা চেষ্টা করছি রাতের মধ্যেই ফ্লাইট চলাচল আবার শুরু করতে।"

দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বিমানবাহিনী, র‍্যাব, বিজিবি ও ওয়াসার টিম ঘটনাস্থলে তৎপর রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬, বিমানের স্টোররুম এবং বিজিএমইএ কুরিয়ার সেকশনের কিছু অংশে এখনও ধোঁয়া দেখা যাচ্ছে।

উল্লেখ্য, আগুন লাগার পর শাহজালাল বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়।