জাতীয়
৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালালের আগুন, ফ্লাইট চলাচল শুরু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সাত ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাও স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস নিশ্চিত করে, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর আগে রাত ৯টার দিকে বিমানবন্দরে ফ্লাইট চলাচলও আবার শুরু হয়।
দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের একটি ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ নিহত হননি।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপদেষ্টা শেখ বশির উদ্দিন সার্বক্ষণিক পরিদর্শনে ছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত ও সমন্বয়ের নেতৃত্ব দেন। ফ্লাইট চালু রাখতে জরুরি ভিত্তিতে বিমানবন্দরের অপারেশন টিম কাজ করে যাচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে দ্রুতই তদন্ত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। “ঘটনার উৎস নির্ধারণ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে,”—বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে, যাত্রী ও সাধারণ মানুষের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।