জাতীয়
শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘটনাটির কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দায়-দায়িত্ব নির্ধারণে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি।
শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের চিফ (ফ্লাইট সেফটি)-কে। এছাড়া কমিটিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
- মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি)
- চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স)
- উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি)
- উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি)
- উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নিকট দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও, প্রাথমিকভাবে কার্গো টার্মিনালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।