জাতীয়
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র রাজধানী ঢাকায় এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় ৫৬ শতাংশ অংশ নেন পরীক্ষায়।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীরা ফলাফল জানতে পারবেন কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে। প্রয়োজনে কমিশন ফলাফল সংশোধনের অধিকার রাখে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পিএসসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিকে অংশ নিতে পারবেন।
৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩টি প্রভাষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতেও ৩০টি প্রভাষক পদে নিয়োগের জন্য এই বিসিএসের আয়োজন করা হয়েছে।
বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি ৬১টি রয়েছে বাংলা বিভাগে। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে রয়েছে ৩২টি শূন্যপদ।