জাতীয়

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম

পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পরিমাপে মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “টেকসই উন্নয়নের বাস্তব অগ্রগতি যাচাই ও নীতিনির্ধারণে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য। সরকার ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়া হবে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।”

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে উদ্‌যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এবারের প্রতিপাদ্য— “Driving Change with Quality Statistics and Data for Everyone” (সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্তের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব) — যা বর্তমান সময়ে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, “মানসম্মত উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এটি উন্নয়ন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী করে তুলবে।”

তিনি দেশের নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টা কামনা করে বলেন, “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

প্রধান উপদেষ্টা বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য ও ইতিবাচক প্রভাব কামনা করেন।