জাতীয়
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, “শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় দেশের ব্যবসায়ীরা গভীরভাবে শঙ্কিত। এই ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা তুলে ধরেছে। প্রাথমিকভাবে আমাদের হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।”
ইএবি সভাপতি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রপ্তানি পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে। আর যেসব ব্যবসায়ী বিমার আওতায় নেই, তাদের সহায়তায় সরকারকে বিশেষ তহবিল গঠনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “শুধু ওষুধ শিল্পেই প্রায় ৩২টি প্রতিষ্ঠানের আনুমানিক ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য খাতে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।”
ব্যবসায়ীরা মনে করছেন, এই অগ্নিকাণ্ডের ফলে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ক্ষুণ্ন হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, গত শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির যৌথ প্রচেষ্টায় সাড়ে সাত ঘণ্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।