জাতীয়
নতুন কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনরত শিক্ষকরা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে কালো কাপড় বেঁধে মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ‘বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন। এ ছাড়া দাবির প্রতি একাত্মতা প্রকাশে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান করবেন।
অধ্যক্ষ আজীজি বলেন, “আজ থেকে আমরা কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতোমধ্যে আমাদের চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখানে প্রায় সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, তার দায় নিতে হবে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে। আমরা তার কোনো সিদ্ধান্ত মানি না, তাকে উপদেষ্টা মানি না।”
আবরারের ভূমিকার কড়া সমালোচনা করে আজীজি বলেন, “আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দেন, তাহলে সারা দেশ থেকে শিক্ষকরা লং মার্চ করে শিক্ষা উপদেষ্টার অফিসে তালা দেবেন।”
তিনি বলেন, “আবরার যদি থেকে থাকেন, তাহলে দাবি মানতে হবে। না হলে তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।”