জাতীয়

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। তবে রাজনৈতিক দলগুলোর বিবৃতি ও বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমার ধারণা, যখন জুলাই সনদের বাস্তবায়নে অগ্রগতি দেখা যাবে, তখন এসব সংশয় দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই কাজ করছে।”

তিনি আরও জানান, প্রশাসনে বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে পর্যবেক্ষণ করবেন। তাঁর ভাষায়, “সব দলই অভিযোগ করছে প্রশাসনে দলীয় লোক আছে—এটাই প্রমাণ করে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে।”

১৫ সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখার বিষয়ে তিনি বলেন, গুম-খুনের অভিযোগে অভিযুক্ত ওই কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। “এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়,” যোগ করেন ড. আসিফ নজরুল।

প্রসঙ্গত, এর আগের দিন (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।