জাতীয়

দুটি আইন চূড়ান্ত ও তিনটি নীতিগতভাবে অনুমোদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

দুটি আইন চূড়ান্ত ও তিনটি নীতিগতভাবে অনুমোদন
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি আইন চূড়ান্তভাবে অনুমোদন এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ এবং জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আর তিনটি আইন—সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন—নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, “আজ খুব গুরুত্বপূর্ণ দুটি আইন পাস হয়েছে। শ্রম আইন সংশোধনটি সত্যিই যুগান্তকারী। এই আইনে শ্রমিকদের কল্যাণে বড় ধরনের সংস্কার আনা হয়েছে।”

ড. আসিফ নজরুল জানান, সংশোধিত শ্রম আইনের তিনটি সূচিতে মোট ৯০টি ধারা সংশোধন করা হয়েছে। নতুন সংস্করণে শ্রমিকদের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে—এখন থেকে গৃহপরিচারক, নাবিক ও নন–প্রফিট প্রতিষ্ঠানের কর্মীরাও শ্রমিক হিসেবে আইনগত সুরক্ষা পাবেন।

ব্ল্যাকলিস্টিং প্রথাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও প্রসূতি নারীদের জন্য বাড়তি সুবিধা যুক্ত হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষের বেতন বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তার জন্য দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, “এই সংশোধনগুলোর মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় একটি নতুন অধ্যায় শুরু হলো। এখন থেকে শ্রম আইন শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য নয়, বরং দেশের প্রতিটি শ্রমজীবী মানুষের সুরক্ষার জন্য কার্যকর হবে।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।