জাতীয়
প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যস্ততার কারণে সফরটি বাতিল করা হয়েছে।
ড. ইউনূসের পরিবর্তে এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের আমন্ত্রণে ড. ইউনূসের রিয়াদ সফরকে ঘিরে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারের বিষয় বিবেচনায় সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সৌদি আরবের অন্যতম বড় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন। এ বছরও বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেওয়া প্রতিনিধিদল দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।